রাজধানীর শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে সাতটিতে আগামীকাল শনিবার থেকে দুই সপ্তাহব্যাপী পাইলটিং কার্যক্রম চলবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সিগন্যাল স্থাপনসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
ডিটিসিএর নির্বাহী পরিচালকের পাঠানো প্রেস নোটে বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএর সমন্বয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এবং বুয়েট কর্তৃক ২২টি সিগন্যাল স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়ন হতে যাচ্ছে। ৩০ আগস্ট থেকে দুই সপ্তাহ এসব করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলটিং কার্যক্রম চলবে।
প্রেস নোটে আরো বলা হয়, ২৯ আগস্ট হোটেল ইন্টারকনটিনেন্টাল ইন্টারসেকশনের পাইলটিং কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। এছাড়া ট্রাফিক ক্রসিং পাইলটিংয়ের সময় পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

