এক ডজনেরও বেশি মামলার চিহ্নিত তালিকাভুক্ত চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি ও মিরপুর থানা পুলিশ। সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্র জানায়, ১৪টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগকে (২৪) ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এসময় তার এক সহযোগী মো. মামুনকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার রাত ১১টার দিকে ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত তৌহিদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত একজন ছিনতাইকারী। ধানমন্ডি, দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগীরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম, কলাবাগান ও আদাবর থানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪টি মামলা রয়েছে।
ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রাজধানীর মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক গাজী (২৫) ও মো. সিদ্দিক (১৯)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার রাতে মিরপুর ১০ নং গোলচত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে স্বীকার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

