ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচাল ও ধর্তব্য কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ভিতর প্রবেশ করার অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এদিন ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাকসু'র নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার জাহিদ সন্দেহজনক ঘুরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘুরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। কিন্তু তিনি বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর প্রবেশাধিকার বিধি নিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রকাশ করে। আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হল। আসামির বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত-পূর্বক আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামির বিষয়ে অধিকতর তদন্ত-পূর্বক পরবর্তী প্রতিবেদন প্রেরণ না করা পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

