বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

২০১৩ সালে জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সারা দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন সারা দেশে ৩০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ রেখে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।

বিজ্ঞাপন

তারা বলেন, ২০১৬ সালের ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা থেকে উপসচিব গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে বলা হয়— ৩য় ধাপে জাতীয়করণ যোগ্য বিদ্যালয়সমূহ জেলা যাচাই-বাছাই করে ১৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এরপরে ২০১৮ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি চিঠি ইস্যু করা হয়। কিন্তু এরপরও কোনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি।

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, পরবর্তীতে ২০২৫ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন করার পর গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করা হয়। তবে এখনও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করার পরেও জাতীয়করণের কোনো অগ্রগতি নেই। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানাই।

সংগঠনের অন্যতম সমন্বয়ক মাহবুবা মালা বলেন, জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এমতাবস্থায় শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় সহস্রাধিক শিক্ষক সেখানে জমায়েত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন