রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে অগ্নিনিরাপত্তায় অবহেলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের শাস্তি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার এক যৌথ শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ শোক প্রকাশ করেন।

নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয়জন সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি রয়েছেন। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবি পার্টির নেতৃদ্বয়।

যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, “একটি পরিবারের ছয়জন সদস্যের একসঙ্গে প্রাণ হারানো এবং একজন তরুণ শিক্ষার্থীর অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এই মৃত্যুতে স্বজনদের জীবনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো সান্ত্বনার ভাষায় পূরণ হওয়ার নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

শোকবার্তায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির নেতারা। তাঁরা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের প্রায় ছয় মাস আগে রিসোর্টটিতে অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত অনুমোদন না থাকার বিষয়টি ফায়ার সার্ভিসের নজরে এসেছিল বলে জানা গেছে। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়ে থাকলে তা গুরুতর দায়িত্বহীনতা। যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হয়তো অনেকগুলো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে হবে। তদন্তে অবহেলা বা দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তাঁরা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। দেশের সব হোটেল ও রিসোর্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবি পার্টির নেতৃদ্বয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন