হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হক (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ এই দুই নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। তিনি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসার, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে ও উলামায়ে কেরামের মহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দ্বীন ও মিল্লাতের জন্য তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
নেতৃদ্বয় আরও বলেন, “আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খিদমত কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন।”
শোকবার্তায় তাঁরা মরহুমের শোকাহত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের ‘সবে জামিল’ বা সুন্দর ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


