জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে পাঠ করতে গিয়ে ভুল করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সেই ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার এই সতর্ক দৃষ্টি ও মনোযোগের প্রশংসা করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিতে মনোনীত সদস্যদের নাম পড়তে শুরু করেন। পড়ার একপর্যায়ে নাম ও তথ্যে কিছুটা গড়মিল দেখা দেওয়ায় তিনি নিজেই থামেন এবং বলেন, ‘একটু ভুল হয়েছে সম্ভবত।’
এ সময় তিনি সংশোধন করে আবার নাম পড়তে গেলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে কথা বলার জন্য মাইক্রোফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে হাফিজ উদ্দিন বলেছেন তো উনি। আমার মনে হয়, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বললেন কিনা।’
বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘এখানে ভুল হতে পারে। পাঁচ নম্বরে আছে—জনাব মো. হাফিজ ইব্রাহিম, ১১৬ ভোলা-২—সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম। ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি।’
চিফ হুইপের এই স্বীকারোক্তির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে তিনি প্রতি মুহূর্তে শোনেন মনোযোগ সহকারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


