অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

শিক্ষার্থীদের একাডেমিক ডায়েরি, বর্ষপঞ্জি ও বার্ষিক ম্যাগাজিন মুদ্রণের জন্য প্রায় এক কোটি টাকার দরপত্র (টেন্ডার) বাতিল করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার টেন্ডার খোলার তারিখ নির্ধারিত থাকলেও নানা অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে এক দিন আগেই রোববার প্রতিষ্ঠানটির গভর্নিং বডি তা বাতিলের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, দরপত্র দাখিলের শেষ দিনে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের মহড়া ও টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা নিয়ে প্রতিষ্ঠান চত্বরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সার্বিক পরিস্থিতি ও অনিয়মের অভিযোগ ওঠার মুখে গভর্নিং বডির জরুরি সভায় টেন্ডারটি বাতিল করা হয়।

এ বিষয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এ কে মোস্তাফিজুর রহমান বলেন, আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ টাকার কাজের জন্য এ দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে কারিগরি কিছু জটিলতা এবং প্রক্রিয়াটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে—সেই স্বচ্ছতা বজায় রাখতেই আমরা রোববার বৈঠক করে এটি বাতিল করেছি। দরপত্র জমাদানকারীদের বিষয়টি জানিয়ে তাঁদের কাগজপত্র ফেরত নিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হবে এবং তখন আগ্রহী প্রতিষ্ঠানগুলো পুনরায় আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত বছরও প্রতিষ্ঠানটিতে টেন্ডার ঘিরে একই ধরনের বিশৃঙ্খলা ও নিরাপত্তার আশঙ্কায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দরপত্র দাখিলের ব্যবস্থা করা হয়েছিল। তবে চলতি বছর আগে থেকে তেমন কোনো নিরাপত্তামূলক পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত অনিয়মের মুখে দরপত্র বাতিল করতে বাধ্য হলো কর্তৃপক্ষ।

এ ঘটনার পর সচেতন অভিভাবকরা প্রতিষ্ঠানের স্বার্থে ভবিষ্যতেও 'ই-টেন্ডার' আহ্বানের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ম্যানুয়াল বা ওপেন টেন্ডার হলে তা কোনো বিতর্ক এড়াতে জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দাখিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন