প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি লাভের অপচেষ্টার অভিযোগে মো. রিপন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার তাকে আটক করে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। আটককৃত মো. রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানা ও ডাকঘরের বাহা গ্রামের মো. নূরুল ইসলাম ও হামিদা বেগমের ছেলে।

তিনি অফিস সহায়ক পদের প্রার্থী; তার রোল নম্বর 2101187।

পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরো বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে পিএসসি সচিবালয়ে মো. রিপন হোসেন উপস্থিত হলে প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই করার সময় প্রবেশপত্রের ছবি, মৌখিক পরীক্ষার দিন সিসিটিভি রেকর্ডের সঙ্গে বর্তমান উপস্থিত ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তার পরিচয় নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি তৎক্ষণাৎ উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপ-সচিব ওয়াসিমুল বারীকে জানান। সবাই মিলে যাচাই বাছাই ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে অপরাধের বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। পরে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত মো. রিপন হোসেন নিজেই স্বীকার করেন যে, তিনি ওই নিয়োগের লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা কোনোটিতেই নিজে অংশগ্রহণ করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন