সারাদিন সরকারি কর্মব্যস্ততা শেষে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয় থেকে এ পরিদর্শনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
তিনি জানান, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি জাতীয় সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা এবং বনানী হয়ে গুলশানের সরকারি বাসভবনে ফিরে যান।
পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কের পরিবেশ এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা পৃথক গাড়িতে উপস্থিত ছিলেন।
উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা আরও জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন সরকারি দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। দিনের কর্মসূচি শেষে রাজধানীর বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকার পরিচ্ছন্নতার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে রাতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে বের হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


