আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ

স্টাফ রিপোর্টার

একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান আগামী ১ দিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।

শুক্রবার দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ ও দাবির প্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের মধ্যেই আশকোনা রোডের জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। পাশাপাশি এ রোডে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেন সংযোগ নির্মাণ কাজ দ্রুততম সময়ে শুরু করা হবে বলেও জানান তিনি।

আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোড পরিদর্শন করেন। রাস্তাটির বেহাল অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে রাস্তাটি নির্বিঘ্ন চলাচল উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুততম সময়ে রাস্তাটির উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন