ঢাকার গুলশান, কড়াইল ও মহাখালী বস্তি এলাকায় বহুতল ভবন নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও দেশটি বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মীর শাহ আলম বলেন, আবাসন প্রকল্পের পাশাপাশি সৌরবিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতেও বড় ধরনের বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, চীনা সরকারি দলের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার প্রসার ও ভাষায় দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও চীন সরকার বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


