আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে বেপরোয়া পিকআপের ধাক্কায় রাইড শেয়ারিং চালক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বেপরোয়া পিকআপের ধাক্কায় রাইড শেয়ারিং চালক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক মোটরসাইকেল রাইডার।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

​নিহত আব্দুল হামিদ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খাঁনের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় বসবাস করতেন এবং রাইড শেয়ারিং অ্যাপসগুলোতে চালক হিসেবে কর্মরত ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিবেশী কামরুজ্জামান জানান, রাতে কাজ শেষে নিজের মোটরসাইকেলটি মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে গ্যারেজ করে বাসায় ফিরছিলেন হামিদ। ২ নম্বর গেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যায়। রাতের ফাঁকা রাস্তায় গতির তীব্রতা বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদকে চাপা দেয় বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর নিরাপদ সড়কের দাবি তুলেছেন নেটিজেনরা। বিশেষ করে রাতের হাতিরঝিলে মালবাহী যানবাহনের অনিয়ন্ত্রিত গতি রোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘাতক পিকআপটি শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন