সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ-এর উদ্যোগে "সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের গ্রাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সৌজন্যে প্রীতি সম্মিলন-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের ডেপুটি এম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল।

বিশেষ অতিথি হিসেসে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম।

প্রীতি সম্মিলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি এম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের অংশ হিসেবে সৌদি সরকার প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষাবৃত্তির সুযোগ প্রদান করে থাকে।

তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা দেশে ফিরে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, "সৌদি আরব বিশ্বাস করে, মানুষ গঠনই প্রকৃত উন্নয়নের ভিত্তি।" ভবিষ্যতেও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন