যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগস্ট মাসে যোগদানের জন্য লাগাতর কর্মসূচি শুরু করেছেন। তবে সরকার বলছে আগস্টে নয়, অক্টোবর মাসে তারা যোগদান করবেন ।

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জমায়েত হয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। এরপরে তারা বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি চালিয়ে যান।

এ সময় তাদের হাতে ‘শ্রেণিকক্ষে যেতে চাই, ছাত্রছাত্রীরা অপেক্ষায়’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘স্বপ্ন এখন হাতের কাছে, যোগদান কেন থেমে আছে’, ‘আমাদের দাবি মেনে নিন, দ্রুত নিয়োগপত্র দিন’ ইত্যাদি লেখা প্লাকার্ড দেখা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা জানান, নিয়োগ বিধিমালা মেনে চলতি আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে এবং সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে। তাদের ভাষ্য, কোনো মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতি তারা বিশ্বাস করছেন না, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। এরপর থেকেই যোগদান বিলম্বিত হওয়ায় নিয়োগপ্রত্যাশীরা এপ্রিল মাস থেকে একাধিকবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন, যেখানে এর আগেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক মাসের এই টানাপোড়েনের পর সরকার অক্টোবরে যোগদানের তারিখ নির্ধারণ করলেও তারিখ নিয়ে দুই ধরনের ঘোষণা এবং তা প্রার্থীদের দাবি করা আগস্টের চেয়ে দুই মাসেরও বেশি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন, যাদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং যোগদানের পর পদায়ন ও প্রশিক্ষণে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন