এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

আসন্ন এসিসি নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উরুর চোটে পড়ে উভয় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার বদলে হিসেবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ফারিহা ইসলাম তৃষ্ণা ডান উরুর চোটে ভুগছিলেন। সম্প্রতি তার এমআরআই পরীক্ষা করানো হলে সেখানে 'গ্রেড-২ টিয়ার' ধরা পড়ে। চিকিৎসক ও মেডিকেল দলের পর্যবেক্ষণ অনুযায়ী, পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে এই পেসারের অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ফলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে তার খেলা হচ্ছে না।

তৃষ্ণার জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া তরুণ পেসার ফারজানা ইয়াসমিনকে সুযোগ দিয়েছে নির্বাচক কমিটি। এশিয়া কাপের মূল পর্বে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামীকাল দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা ইয়াসমিন, মারুফা আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা ও শারমিন সুলতানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন