উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক গণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জন সচেতনতা ও পরিচ্ছন্নতা। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে জন্য বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এসি ও ফ্রিজে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার এবং বাড়ি, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের মতো করে ওষুধ খাওয়া শুরু করেন। এতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, শুধু ডেঙ্গু বেড়ে যাওয়ার সময় সচেতন হলে হবে না, সারা বছরই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে রোগবালাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

রাজধানীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, দেশে চিকিৎসক ও ওষুধের ঘাটতির পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে। মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু সচেতনতা কার্যক্রমটি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন পার্ক ও নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির মোহাম্মদ ইব্রাহিম খলিল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান,থানা নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, সেক্রেটারি বদিউজ্জামান বকুলসহ স্থানীয় নেতা-কর্মী-সমর্থক ও স্বেচ্ছাসেবকরা। ক্যাম্পে পাঁচজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সেবা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন