রাজধানীর সবুজবাগের মাদারটেক খালপাড়ে পলিথিন ব্যাগে ভর্তি অবস্থায় এক নারীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
আজ বৃহস্পতিবার সকালে বাগানবাড়ি কালভার্টের কাছে আবর্জনার স্তূপে ফেলে রাখা ব্যাগটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক জানান, ব্যাগটির ভেতর থেকে শুধু মাথা ও দুই হাত পাওয়া গেছে, দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন, ‘আমরা আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি। বাকি অংশগুলো পাওয়ার চেষ্টা চলছে।’
নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করছে সিআইডি। পাশাপাশি এলাকার সিসি ক্যামেরার ফুটেজও যাচাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে, শনাক্তযোগ্য কোনো প্রমাণ এড়াতেই এভাবে লাশ টুকরো করে ফেলা হয়েছে।
এসআই সিদ্দিক আরও বলেন, ‘পরিচয় পাওয়া গেলেই পুরো ঘটনার জট খোলা যাবে। আমরা সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছি।’
সবুজবাগ থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। কে এই নারী, কেন এমন নির্মম হত্যা—সেসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


