আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

স্টাফ রিপোর্টার

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত আপোসের শর্তে তার এই জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. রানা শেখ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেপ্তারের পর নোবেলকে আদালতে হাজির করা হয়। আমরা জামিন চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে মামলার বাদীনির সাথে আপোসের শর্তে তার এই জামিন দেন আদালত।

এর আগে গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি।

অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

নোবেল ছাড়াও এই মামলার অপর আসামিরা হলেন, নোবেলের মা নাজমা হোসেন, তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও নোবেলের পরিচিত মাসুদ রানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন