জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপাচার্যের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিট এ, বি, সি, ডি ও ই-তে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমা দিতে হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (বিশ্ববিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। কাগজপত্র জমা শেষে শিক্ষার্থীদের জমাদান স্লিপ সংগ্রহ করতে হবে।
ভর্তি ফি অনুষদভেদে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

