চলমান এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা ও চেয়ার স্থাপন এবং শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গতকাল বৃহস্পতিবার বোর্ডের অধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা–২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমান শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের অত্যন্ত কষ্টকর পরিবেশে অপেক্ষা করতে হয়।
এ ছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।
এ অবস্থায় পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমান শেডসহ বসার ব্যবস্থা ও চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা বোর্ডের অধীন সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

