ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে কত সময় লাগছে, তা জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স ছিল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সহায়ক ছিলেন। যেহেতু আগেই পছন্দের তালিকা সাজিয়ে এনেছিলেন, তাই ভোট দিতে সর্বোচ্চ ৬ মিনিট সময় লেগেছে। যারা আগে থেকে প্রার্থী ঠিক করে আসেনি তাদের একটু সময় বেশি লাগছে। মঙ্গলবার ডাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জসিম উদ্দিন হলের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা ভোটের পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। কোন প্রার্থীকে ভোট দেব সেটা আগে থেকেই ঠিক রেখেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আহমেদ জানান, এতগুলো প্রার্থীর মধ্য থেকে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া বেশ কঠিন। তাই আগের রাতেই ভিপি ও জিএসসহ অন্যান্য পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করে এসেছিলেন। ফলে ভোট দিতে মাত্র ৭ মিনিট সময় লেগেছে।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমাইরা জারিন তালুকদার জানান, বুথে প্রবেশ করার পর তার ভোট দিতে ৬ মিনিট সময় লেগেছে।
একইভাবে ডিজাস্টার সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফিফা বিনতে আওয়াল বলেন, এবার সত্যিই উৎসবমুখর পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই ভোট দেওয়া গেছে। তার সর্বোচ্চ ৬ মিনিট সময় লেগেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

