দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা–২০২৫–এর ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের এই সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই দিন থেকে অর্থাৎ ২ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে অনলাইনে বোর্ডের ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।
প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। মাদ্রাসা প্রধানরা শিক্ষার্থীদের কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দেবেন।
অনলাইনে ফরম পূরণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটের অনলাইন সেবা-২ প্যানেলে গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষার্থী নির্বাচন করে সাময়িক তালিকা যাচাই করতে হবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রিন্ট করার অপশন সচল হবে। চূড়ান্ত তালিকায় পরীক্ষার্থী ও মাদ্রাসা প্রধানের স্বাক্ষর নিশ্চিত করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


