আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এআই সতর্কবার্তা, বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

আমার দেশ অনলাইন

এআই সতর্কবার্তা, বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

বিশ্বজুড়ে চাকরির বাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই । ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এআই ব্যবহার। আর এতেই আশার পরিবর্তে আতঙ্কের প্রভাব সৃষ্টি হয়েছে চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় হাজারো তরুণের মনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ-র পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এআইয়ের কারণে বিশ্বে প্রায় ৪০ শতাংশ চাকরি প্রভাবিত হতে পারে।

তিনি বলেন, এই পরিবর্তন হবে অনেকটা সুনামির মতো, যা শ্রমবাজারে বড় ধাক্কা দেবে। জর্জিয়েভাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন,উন্নত দেশগুলোতে এআইয়ের প্রভাব ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আর ভারতে এর প্রভাব হতে পারে প্রায় ২৬ শতাংশ। ভারতে প্রতিবছর লাখ লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তাই বিষয়টি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এন্ট্রি-লেভেল বা প্রাথমিক পর্যায়ের চাকরি। এসব কাজের অনেকটাই সহজে স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। ফলে নতুন গ্র্যাজুয়েটদের জন্য উদ্বেগ বাড়ছে। তার মতে, এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরিতে বিশ্ব ইতিমধ্যে কিছুটা পিছিয়ে আছে।

বিজ্ঞাপন

তবে জর্জিয়েভা বলেছেন, সঠিকভাবে এআই ব্যবহার করা গেলে এটি ভারতের অর্থনীতিতে বছরে অতিরিক্ত ০.৭ শতাংশ জিডিপি ,মোট দেশজ উৎপাদন যোগ করতে পারে। এতে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জন সহজ হবে। ভবিষ্যতের জন্য তিনি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ওপর জোর দেন। শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়,নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও আজীবন শেখার মানসিকতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশে চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে তরুণ জনশক্তির বড় অংশ ফ্রিল্যান্সিং, আইটি সেক্টর এবং আরএমজি (পোশাক খাত) ওপর নির্ভরশীল, সেখানে এআই-এর প্রভাব হবে বহুমুখী-

বাংলাদেশের হাজার হাজার তরুণ বর্তমানে বিশ্ববাজারে কোডিং, গ্রাফিক ডিজাইন এবং ডাটা এন্ট্রির কাজ করছেন। এআই-এর ফলে এই সাধারণ কাজগুলোর চাহিদা কমে যেতে পারে। ফলে দ্রুত ‘আপস্কিলিং’ বা দক্ষতা বৃদ্ধি না করলে বড় সংকটের সম্ভাবনা রয়েছে।

এআই-এর এই ‘সুনামি’ থেকে বাঁচতে হলে শিক্ষা এবং কর্মপদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। এআই শুধু ঝুঁকি নয়, আশীর্বাদও হতে পারে। স্মার্ট কৃষি বা প্রিসিশন ফার্মিংয়ের মাধ্যমে বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা ফসলের রোগ নির্ণয় ও ফলন বৃদ্ধিতে এআই ব্যবহার করে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন