চাকসু নির্বাচনে ভোটার তালিকায় ৩৪৮ এমফিল ও পিএইচডি শিক্ষার্থী

চাকসু নির্বাচনে ভোটার তালিকায় ৩৪৮ এমফিল ও পিএইচডি শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার এমফিল ও পিএইচডি পর্যায়ের ৩৪৮ শিক্ষার্থী ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন। এর মধ্যে এমফিল শিক্ষার্থী ২২২ জন এবং পিএইচডি শিক্ষার্থী ১২৬ জন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তালিকায় দেখা গেছে, কলা ও মানববিদ্যা অনুষদে গবেষণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—এখানে এমফিল ১০৬ জন এবং পিএইচডি ৬০ জন। বিশেষভাবে আরবি বিভাগের এমফিল ৫৯ ও পিএইচডি ৩১ জন শিক্ষার্থী ভোটার তালিকায় রয়েছেন।

অন্য অনুষদগুলোর মধ্যে ব্যবসায় প্রশাসনে এমফিল শিক্ষার্থী রয়েছেন ৪১ জন এবং পিএইচডি ১৬ জন। বিজ্ঞান অনুষদে এমফিল ২০ ও পিএইচডি ২১ জন, সমাজ বিজ্ঞান অনুষদে এমফিল ২২ ও পিএইচডি ১৫ জন শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। জীববিজ্ঞান অনুষদে এমফিল ১৭ ও পিএইচডি ৭ জন শিক্ষার্থী রয়েছেন। ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত এমফিল শিক্ষার্থী ১০ জন এবং পিএইচডি ৫ জন। মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটে ভোটার তালিকায় নাম রয়েছে এমফিল ৬ ও পিএইচডি ২ জন শিক্ষকের।

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ২৮ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং প্রতিটি হল সংসদের ১৬টি পদে ভোট অনুষ্ঠিত হবে। মোট ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন