ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদলের হামলায়’ ইউটিএলের নিন্দা, উদ্বেগ

শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদলের হামলায়’ ইউটিএলের নিন্দা, উদ্বেগ

সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘটিত সহিংস ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ছাত্রসংসদ নেতা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসান এই নিন্দা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হলে সেখানেও হামলা চালাচ্ছে এবং হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের কর্মীরা। আহতদের দেখতে যাওয়া ইউটিএলের সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুককেও অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের কর্মীরা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক সহাবস্থানের ক্ষেত্র। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থী, শিক্ষক কিংবা সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন অথবা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

ইউটিএল সংশ্লিষ্ট সব ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, সহনশীল ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই। একই সঙ্গে অবরুদ্ধ শিক্ষকদের দ্রুত মুক্ত করার আহ্বান জানাই।

শিক্ষক নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মতপার্থক্যের সমাধান হতে হবে সংলাপ, যুক্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে; সহিংসতা, হামলা বা প্রতিহিংসার মাধ্যমে নয়। শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউটিএল দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন