ডাকসু নির্বাচন

মাকে যেতে না দেওয়ায় ভোট দিতে পারলেন না সাদিয়া

মাকে যেতে না দেওয়ায় ভোট দিতে পারলেন না সাদিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে এসে মাকে সাথে নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষার্থী সাদিয়া ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টার সময় হাজারীবাগের বাসা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে আসেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম। পলাশীর মোড় দিয়ে প্রবেশ করার সময় তিনি প্রক্টোরিয়াল টিমের বাধার সম্মুখীন হন। প্রবেশমুখে দায়িত্বে থাকা কর্মকর্তারা সাদিয়ার মাকে ভেতরে যেতে বাধা দেন। ফলে মেয়েকে একা ভোট দিতে যেতে দেননি মিসেস শহীদুল ইসলাম। এরপর তারা বাসায় ফিরে যান।

এ সময় সাদিয়া আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি আমার দেশকে বলেন, ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছিলাম। আমি ঢাবির দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। কিন্তু আমার মাকে আমার সাথে যেতে দিচ্ছে না। অন্তত একজন অভিভাবককে যেতে দেওয়া উচিৎ। উনিতো বহিরাগত না, আমার মা। ক্যাম্পাসের ভেতরে গেলেও ভোট কেন্দ্রেতো আর যাবে না।

এরপর হতাশ হয়ে হাজারীবাগের বাসায় ফিরে যান তারা। ফিরে যাওয়ার সময় শিক্ষার্থী সাদিয়ার মা মিসেস শহীদুল ইসলাম আমার দেশকে বলেন, আমিতো মা। আমাকে কি সঙ্গে যেতে দেওয়া যেত না? আর আমিতো মেয়েকে একা ছাড়বোই না। আর ওনারাতো অনুমতি দিচ্ছেই না। এটা খুবই দুঃখজনক, খুবই আশাহত হলাম। মেয়ে ভোট দিবে সেই আশা নিয়ে হাজারীবাগ থেকে এসেছিলাম।

এ বিষয়ে দায়িত্বরত সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, আমরা শৃঙ্খলার দায়িত্বে রয়েছি। আর এর জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। ভোটার ব্যতিত বাহিরের কাউকে আমরা এলাউ করি না। এখন কেউ যদি ভোট না দিয়ে চলে যান আমাদের দেখার বিষয় না। আমরা দেখছি এখানের শৃঙ্খলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন