ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীর নামে ক্রস চিহ্ন থাকার বিষয়টিকে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা। একই সাথে প্রোপাগান্ডা ছড়ানো শিক্ষার্থীকে তিনি চেনেন বলে দাবিও করেছেন এই প্রার্থী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা প্রোপাগান্ডার কারণে পুরো হলের ভোট প্রশ্নবিদ্ধ হলে তিনি কঠোর পদক্ষেপ নিবেন।
মঙ্গলবার রাত ৮টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন হাফসা।
তিনি লেখেন, সাদিক কায়েম এবং ফরহাদ ভাইয়ের জন্য ব্যালট আগে থেকে চিহ্নিত থাকার অভিযোগ সম্পর্কে; আমি ঠিক জানি কে এটি ছড়াচ্ছে। আপনি ১ নম্বর টেবিলে ভোট দেওয়ার পর আমি ৩ নম্বর টেবিলে ভোট দিয়েছি। এরপরই আমি আপনাকে বের হতে দেখি এবং প্রোপাগান্ডা ছড়াতে শুরু করতে দেখি।
হাফসা আরও লেখেন, এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম, ভাবছিলাম এটা সত্য কি-না। তাই কোনো প্রমাণ ছাড়া আমি কিছুই প্রচার করিনি। কিন্তু যদি একটিমাত্র ঘটনার কারণে রোকেয়া হলের ৪,০০০ ভোট প্রশ্নবিদ্ধ হয়, আমি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। এবং এটি স্পষ্ট ও দৃঢ়।
সেদিন দুপুর ১২টা ৩০ মিনিটে, স্টুডেন্টস ইউনিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছিলেন যে টিএসসি ক্যাফেটেরিয়ার রুমে ব্যালটপত্রে আগে থেকে ‘ক্রস’ চিহ্ন ছিল। তিনি দাবি করেছিলেন, তার এক বান্ধবী এমন একটি ব্যালট পেয়েছিল।
শ্রেষ্ঠা সাংবাদিকদের জানান, তিনি ও তার বান্ধবী একসাথে ভোট দিতে গিয়েছিলেন। টেবিল নং ১ থেকে তার বান্ধবী যে ব্যালটটি পেয়েছিলেন, তাতে ইতোমধ্যেই জামায়াত-শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে ‘ক্রস’ চিহ্ন ছিল। এই বিষয়ে পোলিং কর্মকর্তাদের অবহিত করলে তারা বলেছিলেন, এটি শিক্ষার্থীর ভুলও হতে পারে।
অন্যদিকে, অভিযোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে জামায়াত-শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, একটি পক্ষ নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। ইতোমধ্যেই একুশে হলে ছাত্রদলের পক্ষে ব্যালট আগে থেকে চিহ্নিত হওয়ার খবর শুনেছি, এবং এখন টিএসসিতেও একই অভিযোগ উঠেছে। এই ধরনের কাজে জড়িত যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

