প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণিতে পড়া শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরীদের টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া সঙ্গে থানা-উপজেলা ও জেলার কর্মকর্তাদেরকে এ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেয়া হবে।
টিকা কার্যক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুদের বিদ্যমান ইপিআই টিকা কেন্দ্রে এই টাইফয়েড টিকা দেয়া হবে।
এ ক্যাম্পেইন- সার্বিকভাবে সফল করতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


