পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এ ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এর জন্য মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, অধ্যাপক ড. আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে আসছেন। বিশেষ করে বায়ুদূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স (Atmospheric Science), জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং এ-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং ১৫০টিরও বেশি স্নাতকোত্তর ও গবেষণাপর্যায়ের থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

