হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দ্রুত গভর্নিং বডির নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
সোমবার সকাল ১১টা থেকে পৌনে বারোটা পর্যন্ত ১নং বেইলি রোডের প্রধান ক্যাম্পাসের প্রধান গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আসন্ন নির্বাচনের সংরক্ষিত অভিভাবক প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবিকা মিসেস হাসনাতুল হোসনার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য অ্যাডভোকেট ইউনূস আলি আকন্দ, স্কুল শাখার প্রার্থী ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, প্রার্থী মাহবুবুর আলম সোহাগ প্রমুখ।
বক্তৃতায় অভিভাবক নেতারা হাইকোর্টের আদেশ মোতাবেক দ্রুত গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন, মাঝপথে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ না করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা, কমিটির জবাবদিহিতা নিশ্চিত করা, অনিয়ম দুর্নীতি বন্ধ করা, স্কুল টি সরকারি করন করা এবং স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত করারও দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


