চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৫০ জন মেধাবী নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা চবি শাখা।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ‘সেলিব্রেশন অব মেরিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্লেসধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শাখা ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক তাওফিকা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি ও চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী নারী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চবি শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি জান্নাতুল ফেরদাউস সানজিদা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সেলিব্রেশন অব মেরিট–২০২৬’ মূলত বিশ্ববিদ্যালয়ের মেধাবী নারী শিক্ষার্থীদের মেধা, শ্রম, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি প্রদানের একটি উদ্যোগ।
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন ও লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভালো ফলাফল অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাষ্ট্র, সমাজ ও জাতির জন্যও গৌরবের বিষয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ছাত্রীসংস্থার আয়োজিত এ অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সংগঠনটি অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মেধাবী নারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আজ এই সম্মাননা পাওয়ার পর আমার ভেতরে পড়াশোনার প্রতি আরও বেশি অনুপ্রেরণা তৈরি হয়েছে। কীভাবে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও উৎসাহ প্রদানে ইসলামী ছাত্রীসংস্থার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

