কক্সবাজারে রিসোর্টে আগুন: জানা গেল একই পরিবারের নিহত ৬ জনের পরিচয়

কক্সবাজারে রিসোর্টে আগুন: জানা গেল একই পরিবারের নিহত ৬ জনের পরিচয়
নিহত নাফিজ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাফিজ তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চুনাখালী গ্রামে। তার বাবার নাম মো. জেয়াদুল কবির এবং মায়ের নাম কাজল রেখা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) পরিবারের ৯ সদস্যকে সঙ্গে নিয়ে কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ওঠেন নাফিজ তেহামী। শনিবার সকালে রিসোর্টটিতে আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে নাফিজসহ তার পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের বাকি সদস্যদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিহতদের মধ্যে নাফিজ তেহামী ছাড়া অন্য পাঁচজন হলেন—তার বোন মেলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা মিলা, সাবরিন এবং শিশু ফাইজান আহাম্মেদ। অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের এমন করুণ প্রাণহানিতে স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

শোকবার্তায় সাদিক কায়েম বলেন, এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এমন মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ঢাবি শিক্ষার্থী মো. নাফিজ তেহামীসহ পর্যটকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।’ তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন