‘ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশন’ এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় বিবৃতি উপস্থাপন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব সভাপতিত্ব করেন।
বক্তব্য উপস্থাপনকালে শিক্ষা সচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই-নির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মিলাতে হলে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করার বিষয়টিও বিবেচনা করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা এবং শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই তাদের বিদ্যালয়ে উপস্থিতি ও অধ্যয়ন অব্যাহত রাখা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
শিক্ষা সচিব বলেন, আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি, দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়াও, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ও প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করাও আমাদের অগ্রাধিকার।
তিনি বলেন, পুষ্টি ও সামাজিক সহায়তা কাঠামোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণ এবং বিনামূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়গুলোতেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


