ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হলেন ফাতিমা তাসনিম জুমা। জুলাই আন্দোলনের পরিচিত মুখ ফাতিমা পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই শীর্ষ ৩ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। ভিপি পদে প্রায় সবকটি হলে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যতিক্রম ছিল জগন্নাথ হল। সেখানে সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০টি ভোট, যেখানে আবিদুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে গভীর রাতে, প্রায় ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

