দুর্গাপূজা

১০ থেকে ১৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা

১০ থেকে ১৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

বিজ্ঞাপন

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়া যাবে।

তবে এই ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

কলেজে ছুটির সময় আরো বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই হিসাবের বাইরে।

ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী ও ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় এ ছুটি কার্যকর হবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির চিত্র ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।

এ কারণে বিশ্ববিদ্যালয়ভেদে দুর্গাপূজার ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন