ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ রোববার ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে গত ২৫ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

এদিনই এক বিজ্ঞপ্তিতে প্রচার-প্রচারণায় প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

নির্দেশনায় বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

এতে আরো বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনি প্রচারণা চালাতে পারবে না বলে জানানো হয়েছে নির্দেশনায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন