জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন নিয়ে বিএনপিপন্থি শিক্ষকদের বানচাল ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। শুক্রবার রাত ১২টার দিকে সিনেট ভবনের সামনে এই বিক্ষোভ করেন তারা।
ভোটগ্রহণের ৩২ ঘণ্টায়ও ঘোষণা হয়নি ফলাফল। শুক্রবার রাত ১টা পর্যন্ত ভোটই গণনা শেষ করতে পারেনি নির্বাচনসংশ্লিষ্টরা। এর পেছনে বিএনপিপন্থি শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে বলে বিক্ষোভকারী। যে কোনোভাবে তারা ভোটগণনা স্থগিত চাইছেন। তাদের এ অপতৎপরতা স্পষ্ট হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে উঠছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। বিএনপিপন্থি এই শিক্ষকদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তারা।
এর আগে বৃহস্পতিবার জাকসু নির্বাচনের শুরু থেকেই চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। নির্বাচনে চরম কারচুপির অভিযোগ তুলে শেষমুহূর্তে গিয়ে বয়কট করে জাতীয়তাবাদী ছাত্রদলসহ বাম নেতৃত্বাধীন প্যানেলগুলো। যদিও ইসলামী ছাত্রশিবির, বাগছাস ও স্বতন্ত্র সমর্থিত প্যানেল প্রশাসনের অব্যবস্থাপনার সমালোচনা করলেও বয়কট করেনি।
অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত শিক্ষকরা ছাত্রদলের নির্বাচন বর্জনের পর শেষ মুহুর্তে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। তারা হলেন- গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। পদত্যাগকারীরা সবাই বিএনপিপন্থি শিক্ষক ও বর্তমান উপাচার্যের বিরোধীপক্ষের। এছাড়া ভোটে অব্যবস্থাপনার দায় মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

