অন-ক্যাম্পাস জব আইডিয়া বাস্তবায়নের অঙ্গীকার আবিদের

অন-ক্যাম্পাস জব আইডিয়া বাস্তবায়নের অঙ্গীকার আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষার্থীদের অন-ক্যাম্পাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

শুক্রবার বিকেলে জুম্মার নামাজ শেষে ক্যাম্পাসে গণসংযোগ কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

আবিদুল বলেন, “বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসের দোকানগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের ব্যবসার সুযোগ দেওয়া হলে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। এতে টিউশনি করার ঝামেলা অনেকটাই কমে যাবে।”

তিনি আরও জানান, প্রশাসনিক ভবনের বিভিন্ন দাপ্তরিক কাজে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া যেতে পারে, যা একই সঙ্গে অভিজ্ঞতা ও আয় দুটোই নিশ্চিত করবে।

কর্মসংস্থানের বহুমুখী পরিকল্পনার কথা জানিয়ে ছাত্রদলপন্থী এই ভিপি প্রার্থী বলেন, “আমরা বছরে দুই থেকে তিনবার জব ফেয়ার আয়োজন করতে চাই। কর্পোরেট কোম্পানিগুলো ক্যাম্পাসে এসে ইন্টারভিউ নেবে এবং শিক্ষার্থীদের মধ্য থেকেই চাকরি বা ইন্টার্নশিপের জন্য বাছাই করবে।”

এছাড়া প্রান্তিক অঞ্চল থেকে আসা প্রযুক্তিতে অনভিজ্ঞ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার অঙ্গীকার করেন আবিদুল। তিনি বলেন, “বাংলা ও ইংরেজির পাশাপাশি বৈশ্বিক চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের একটি তৃতীয় ভাষা শেখাতে উদ্বুদ্ধ করব।”

ডাকসু নির্বাচনে ভোটের লড়াই যত ঘনাচ্ছে, শিক্ষার্থীদের জন্য টেকসই কর্মসংস্থানের আশ্বাস দিয়ে আবিদুল ইসলাম খান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে নির্বাচনে বিজয়ী হওয়ার ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন