রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের পরীক্ষার তিনমাস পার হলেও রেজাল্ট না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে ফের তালা দিয়েছে বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। গতকাল সকালে বিভাগে তালা দেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত খোলা হয়নি তালা।
মঙ্গলবার সকালে বিভাগের সামনে এসে ফের বিক্ষোভ করেন তারা। এসময় রেজাল্ট না দেওয়া পর্যন্ত আরবি বিভাগে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালীন আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. গাফফার আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।
এদিকে বিভাগের ক্লাসরুম ও অফিসে তালা থাকায় শিক্ষকরা ক্লাস নিতে পারছেন না বলে জানান বিভাগের অন্য ব্যাচের শিক্ষার্থীরা।
বিভাগীয় সূত্রে জানা যায়, সিলেবাস অনুযায়ী আরবি বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারে বিএআর-৪১০৪ ‘সাইন্স অফ ট্রানসলেশন’ কোর্সে বিভাগের দুজন শিক্ষক অধ্যাপক নিজাম উদ্দীন এবং অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ আছেন।
পরীক্ষা কমিটি তথ্য মতে, এ সেমিস্টারে প্রায় সকল শিক্ষক তাদের নম্বর দিয়েছেন কিন্তু এ কোর্সে দুজন শিক্ষকের মধ্যে অধ্যাপক নিজাম উদ্দীন পরীক্ষা নম্বর জমা দিলেও বাকি একজন শিক্ষক জমা দেননি। তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ।
শিক্ষার্থীদের অভিযোগ, রেজাল্ট নিয়ে বিভাগের শিক্ষকরা আমাদের সঙ্গে টালবাহানা করতেছে। এর আগে ২৫ আগস্ট রেজাল্টের জন্য বিভাগে তালা দেওয়া হয় পরে শিক্ষকদের মৌখিক আশ্বাসে তালা খোলা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার রেজাল্ট দেওয়ার কথা থাকলেও দিতে পারেননি।
আজকে সকালে বিভাগের সভাপতি ফোন দিয়ে একটা কাগজ নেওয়ার জন্য অফিসের তালা খুলতে বললেও রেজাল্ট না দেওয়া পর্যন্ত বিভাগে শাটডাউন থাকার কথা জানান শিক্ষার্থীরা।
বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা কমিটির সভাপতি আরবি বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, আমাদের একজন সম্মানিত শিক্ষক একটা কোর্সের মার্ক না পাওয়া আমরা রেজাল্ট দিতে পারছি না। আজকে উনার কোর্সের নম্বর দেওয়ার কথা। আমরা নাম্বারটা পেলে রেজাল্ট দিতে পারবো।
এ বিষয়ে জানতে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলামকে ফোনে একাধিক বার কল করা হলেও ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন বলেন, আমরা সকাল থেকে মিটিংয়ে ছিলাম যেতে পারিনি। এখন আমরা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সরাসরি কথা বলবো।
এর আগে গতকালও সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টা থেকে বিভাগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

