ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ধীরে ধীরে বাড়ছে প্রার্থীদের সরে দাঁড়ানোর প্রবণতা। বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর এবার সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে একই পদের প্রার্থী ও তার বিভাগের সহপাঠী আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান তিনি।
ফেসবুক পোস্টে আরিয়ান লিখেছেন, “আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবত এক প্রকার বেডে পড়ে আছি। কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে।”
এ প্রসঙ্গে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, “নির্বাচনের পরিবেশ নষ্ট হবে আশঙ্কায় কষ্ট করে মুখ অফ রাখছি। আল্লাহ এদের হেদায়েত দিক। তবে ওরা আমাদের মনোবল ভাঙতে পারবে না, ইনশাআল্লাহ।”
এ নিয়ে ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থী প্রত্যাহার ও পাল্টাপাল্টি সমর্থনের এই ধারা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

