জামালপুর বিশ্ববিদ্যালয়

উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ

স্টাফ রিপোর্টার

উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ

নিয়োগের মাত্র ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এই অব্যাহতি ও নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রমতে, গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি যোগদানও করেছিলেন। কিন্তু ২৩ দিনের মাথায় শনিবার তাকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। নিয়োগের পাঁচ শর্তে বলা হয়েছে-এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

এর আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মাথায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনে সরকার। অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যরা অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

একই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপককে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও কয়েক ঘণ্টার পরই তা বাতিল করা হয়।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।

এ ছাড়া নতুন প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন