এমপিওকরণের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের

এমপিওকরণের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং প্রক্রিয়াধীন এক হাজার ৯০ টি মাদরাসা এমপিওকরণের ফাইল অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

রোববার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই অবস্থানে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দেন।

আন্দোলনকারীরা জানান, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক হাজার ৯০ টি মাদরাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

তবে দীর্ঘ দিনেও সেই ফাইলটিতে স্বাক্ষর হয়নি। এ অবস্থায় শনিবারের মধ্যে এই ফাইলে সই না হলে রোববার থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী অবস্থান শুরু করেছেন শিক্ষকরা।

তারা বলেন, দীর্ঘ দিনেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ফাইল স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা মারাত্মক উৎকণ্ঠায় আছেন। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন জানাই।

এতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইল অনুমোদন না হলে ১৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, ছাত্র, অভিবাবকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে মহা অবস্থান ধর্মঘট সহ আইনগত প্রক্রিয়া গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।

একই দিন এই বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করেও আবেদন জানান শিক্ষক নেতারা। তবে সেই সুযোগ দেয়া হয়নি।

তাই বাধ্য হয়ে আমরা রোববার বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

অবস্থান কর্মসূচি থেকে আরও দাবি জানানো হয় যে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং আলাদা অধিদপ্তর স্থাপন করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন