রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিভিন্ন পদে ৩১৫ প্রার্থী লড়বেন।
গতকাল বুধবার রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
জানা গেছে, সাত প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফেরতের জন্য তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে পাঁচ ছাত্র প্রতিনিধি পদের জন্য ৬২ জন মনোনয়ন জমা দেন। এর মধ্যে সাতজনের আবেদন বাতিল হয়। ফলে এখন বৈধ প্রার্থী ৩১৫ জন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন কারণে সাতজনের প্রার্থিতা বাতিল করেছি। তবে বৃহস্পতিবার তারা আবেদন করতে পারবে প্রার্থিতা ফেরতের জন্য।
এদিকে নির্বাচনে অংশ নিতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এ প্যানেল গঠন করেছে।
এ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী সজিব, জিএস পদে লড়বেন সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে প্রার্থী হয়েছেন আকিল বিন তালেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

