বঙ্গোপসাগরে ১৯ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচদিন সাগরে ভেসে বেঁচে ফিরেছেন মোরশেদ (২০) নামে এক জেলে।
বুধবার সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান মোরশেদকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন। পরে গুরুতর অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জেলে সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে একটি ট্রলার সাগরে যায়। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সব জেলে সাগরে নিখোঁজ হন। তাদের মধ্যে পাঁচদিন ভেসে থাকার পর মোরশেদকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯টার দিকে একটি ট্রলার জেলে মোরশেদকে আমাদের কাছে হস্তান্তর করে। তখন মোরশেদ জানান, পাঁচদিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলারটি ডুবে যায়। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় জেলে মোরশেদকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান আমার দেশকে বলেন, উদ্ধারের পর জেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

