রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ নাটকে ফারজানা চুমকি

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ নাটকে ফারজানা চুমকি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবিত ও মৃত’। শাহরিয়ার হান্নানের নাট্যরূপে এবং ইলন শফির পরিচালনায় এতে কেন্দ্রীয় ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি।

সম্প্রতি নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম বিটিভিতে নাটকটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। এই সাফল্যের অনুভূতি প্রকাশ করে বিটিভি চট্টগ্রাম কর্তৃপক্ষ ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

টিভির পাশাপাশি বর্তমানে একক ও মঞ্চ নাটকেও ব্যস্ত সময় পার করছেন ফারজানা চুমকি। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি, যা চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাভিশনে প্রচারিত হবে। অন্যদিকে ঢাকা থিয়েটারের হয়ে ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ এবং শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকে নিয়মিত মঞ্চ অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’ নাটকের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন ফারজানা চুমকি। পরের বছর ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার পর তিনি যুক্ত হন ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ। সেখানে ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’ ও ‘যৈবতী কইন্যার মন’-এর মতো অসংখ্য প্রশংসিত মঞ্চনাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন