ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের করতে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এদিকে আগামী শনিবার ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সিজেপির অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রীয় সরকার তিন দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও এক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির নেতৃত্বে দিল্লিতে শুরু হওয়া আন্দোলন পরে কলকাতা, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এ সময় দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও এফআইআর করা হয়। প্রায় এক মাস যন্তর মন্তরে আন্দোলন চলার পর ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।
এরপর সিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। বৈঠক শেষে সিজেপির সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সেই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও তিনটি দাবি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ সংগঠনটির।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিট-সংক্রান্ত অব্যবস্থার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার এবং দিল্লি পুলিশ ও র্যাবের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
এদিকে শনিবারের মিছিল ঠেকাতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মামলাকারীর আইনজীবী। তবে এতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত।
আদালত বলেছে, প্রস্তাবিত কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে—এমনটা এখনই ধরে নেওয়ার কারণ নেই। একই সঙ্গে সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং আইন মেনে চলবে বলে আশা প্রকাশ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


