ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন, ফিরলেন রেনশ

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন, ফিরলেন রেনশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে প্রথম আন্তর্জাতিক টেস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। ডারউইনে প্রথম টেস্টে ব্যর্থ জ্যাক ওয়েদারল্ড বাদ পড়েছেন। তাঁর জায়গায় দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরেছেন ম্যাট রেনশ।

বিজ্ঞাপন

ম্যাকাইয়ের টেস্টটি দুই দলের জন্যই ঐতিহাসিক। এই ভেন্যুতেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ম্যাচের আগে নাথান লায়নকে নিয়ে ছিল আলোচনা। পেসসহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখে তাঁকে বাদ দিয়ে স্কট বোল্যান্ডকে খেলানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ অফ স্পিনারকেই একাদশে রাখা হয়েছে।

ফলে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ৯ উইকেটে হারলেও বড় কোনো পরিবর্তন করেনি নির্বাচকেরা। তিন নম্বরে মার্নাস লাবুশেনের ওপরও আস্থা রাখা হয়েছে। ২০২৩ সালের পর আবার টেস্টে ফিরছেন রেনশ।

প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘প্রথম টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে বাংলাদেশ খুবই ভালো খেলেছে, তারা সত্যিই দারুণ এক ক্রিকেট দল।’

ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়ায় পেসাররা শুরুতে সুবিধা পেতে পারেন। তবে ম্যাচ গড়ালে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন