শেষ হলো সংসদের তৃতীয় অধিবেশন

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ৯ কার্যদিবসের এই অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়। এর আগে সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে। দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

স্পিকার বলেন, কিছুক্ষণ আগে সংসদ নেতা গলাগালির সংস্কৃতিকে পরিহার করার জন্য সকলকে আহ্বান করেছেন। আগামী অধিবেশনসমূহে সকল সংসদ সদস্য সংসদীয় রীতি-নীতি-ঐতিহ্য অনুসরণ করবেন বলে আশা করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুসংহতকরণে আমাদের সম্মিলিত দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালির প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকব—এটাই প্রত্যাশা।

দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি।

গত ২৭ আগস্ট শুরু হয়ে এ অধিবেশন শেষ হয় বৃহস্পতিবার। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সমাপনী দেন। এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপনী সংক্রান্ত নোটিশ পাঠ করে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তৃতীয় অধিবেশন ৯ কার্যদিবসের বৈঠকে এ অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত এবং ৬টি বিল পাস হয়েছে।

আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেছেন। ৬৮ বিধিতে ৭টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২টি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া, ১৪৭ বিধিতে ২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে ১টি নোটিশ উত্থাপিত হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সদস্যরা সর্বমোট ১৪৪টি প্রশ্নের নোটিশ প্রদান করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা এ অধিবেশনে মোট ১, ৬৭৮টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন