পাবনার ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির একাংশের ঘোষিত কমিটির বিপরীতে ‘তৃণমূল বিএনপি’র ব্যানারে নতুন করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তার ঘোষিত ৩১ সদস্যের ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে আরো ২৪ জনকে সদস্য রাখা হয়েছে।
অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক, সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে ২২ জনকে সদস্য রাখা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্য সচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে। পৌর বিএনপির আহ্বায়ক করা হয় মাহাবুবুর রহমান পলাশকে এবং সদস্য সচিব করা হয় ইমরুল কায়েস সুমনকে।
নতুন ঘোষিত পৌর বিএনপির আহ্বায়ক মো. ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। ওই কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এমনকি হাবিবুর রহমান হাবিবের কুশপুতুলিকাও দাহ করা হয়েছে। এরপরও ঘোষিত কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।
উপজেলা বিএনপির নতুন কমিটির সদস্য সচিব মো. সাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, একটি আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও পাবনা জেলা বিএনপিতে হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, এ অবস্থায় কমিটি গঠন ও অনুমোদনের সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরো অভিযোগ করেন, রাতের আঁধারে মাত্র চারজনকে নিয়ে কমিটি ঘোষণা করে দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং রাজপথে আন্দোলন করেছেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তি ও আওয়ামীলীগের সহযোগীদের দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের কমিটিকে অবৈধ বলার কোনো এখতিয়ার নেই। তাদের নিজেদের উদ্যোগে কমিটি গঠন ও ঘোষণা করার সাংগঠনিক অধিকারও নেই।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

